মাঝখানে একটি দুর্ঘটনা আছে খুলনা টাইটানসের। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৪ রানে অলআউট হওয়ার সেই লজ্জার আগে-পরে অবশ্য তাদের ভাগ্যলিপি অন্যভাবেই লেখা হয়েছে। তবে সেই একই চিত্রনাট্য যে বারবার রচিত হতে পারে, সেটি সম্ভবত ধারণার বাইরেই ছিল তামিম ইকবালের। এ জন্যই জেতা ম্যাচ হারতে হারতেও ঠিক বিশ্বাস হতে চায়নি চিটাগং ভাইকিংস অধিনায়কের, ‘এ রকম ঘটনা প্রতি দশবারে একবার ঘটার কথা।’
রাজশাহী কিংসের বিপক্ষে যখন একবার ঘটেই গেছে, তখন নিজের দলকে অন্তত নিরাপদ ভাবার অবকাশ ছিল তাঁর। কিন্তু মাহমুদ উল্লাহর নিয়তি এটাও ঠিক করে রেখেছিল যে বল হাতে শেষ ওভারের ঝলকে তিনি বারবার জেতাবেন খুলনাকে। তাঁর ক্ষেত্রে যে এই ঘটনা ঘটল দুইবারে দুইবারই। তাঁর বোলিং জাদুতে শেষ ওভারে নিশ্চিত হওয়া অবিশ্বাস্য দুই জয়ের মোড়কে রংপুর ম্যাচের ব্যাটিং লজ্জা এখন দিব্যি আড়াল হয়ে অন্যভাবে বিকশিত হওয়ার পথে আছেন খুলনার অধিনায়ক মাহমুদ উল্লাহও।